ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী থানা-পুলিশের উদ্যোগে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার স্থানীয় মেহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। ওই সময় তিনি বলেন, অপ্রাপ্ত বয়স্ক চালক দ্বারা গাড়ী চালানো হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আব্দুল কাদের। উপজেলা ট্রাক ও ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নুহু মিয়ার সভাপতিত্বে ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক পরিবহণ ও শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিষ্টার আলী, অটোটেম্পু-অটোরিক্সা ও সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি সহিদুল ইসলাম রজব ও সাধারন সম্পাদক রাজু শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই খোকন চন্দ্র সরকার। এছাড়া ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। ওই সভায় ট্রাক, বাস, সিএনজি, অটোরিক্সা শ্রমিক সমিতির শতাধিক চালক অংশ গ্রহণ করেন।









