শ্যামলবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত অত্যাধুনিক ৭৮৭-৮ মডেলের ড্রিমলাইনার ‘হংস বলাকা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উড়োজাহাজটির ককপিটে কিছুটা সময় চালকের আসনে বসেন। তিনি পাইলটের আসনে বসে খোশগল্পও করেন সংশ্লিষ্টদের সঙ্গে। ২৭১ আসনের উড়োজাহাজটি ঘুরেও দেখেন তিনি। ৫ ডিসেম্বর বুধবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের টারমার্কে জাতীয় পতাকাবাহী বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বিমানটির হংসবলাকার নামকরণও করেছেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ১৯ আগস্ট প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’ ঢাকায় আসে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে ‘গাঙচিল’ ও ‘রাজহংস’ নামের আরও দুটি বিমান ড্রিমলাইন বহরে যুক্ত হবে।
আগামী ১০ ডিসেম্বর থেকে ড্রিমলাইনার আকাশে উড়বে। ওই দিন থেকে ২৭১ আসনের ড্রিমলাইনারে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ৬টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে ৪টি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।
২৭১টি আসনের মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড সুবিধাযুক্ত।



















