শ্যামলবাংলা ডেস্ক : উত্তর কোরিয়া তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করেনি বলে জাতিসংঘে নিরাপত্তা পরিষদ অনুমোদিত এক প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, স্বাধীন বিশেষজ্ঞদের একটি প্যানেল গোপনীয় ওই প্রতিবেদন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি পিয়ংইয়ং অবৈধভাবে জাহাজ থেকে জাহাজে তেলজাতীয় পণ্য স্থানান্তর ‘ব্যাপক মাত্রায় বাড়িয়েছে’ এবং বিদেশে অস্ত্র বিক্রির চেষ্টা চালাচ্ছে।
এই প্রতিবেদনের বিষয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক উষ্ণ সম্পর্ক এবং পরমাণু নিরস্ত্রিকরণের প্রতিশ্রুতি সত্ত্বেও পিয়ংইয়ং নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে বলে তারা ধারণা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে তারা জানতে পেরেছেন, একটি স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হয়। ঐতিহাসিক ওই বৈঠকে দুই নেতা পরমাণু নিরস্ত্রিকরণের প্রতিশ্রুতি দেন।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে দেশটি বর্তমানে বেশ কিছু আন্তর্জাতিক ও মার্কিন অবরোধে রয়েছে।


























