শ্যামলবাংলা ডেস্ক : মুম্বাইয়ের জনবহুল ঘাটকোপাড় এলাকায় বহুতল ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন মারা গেছেন। বিমানে পাইলট, কো পাইলট ও ২ জন টেকনিশিয়ান ছিলেন। তাদের সবাই মারা যান। এছাড়া একজন পথচারী নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার ব্রিগেডসহ উদ্ধারকর্মীরা। ২ জনের পোড়া দেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ১২ আসনবিশিষ্ট VT-UPZ, KING AIR C90 চার্টাড বিমানটিতে ৪ জন যাত্রা করছিলেন। জুহু বিমানবন্দর থেকে সেটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। মুম্বাই বিমানবন্দরে নামার আগে সেটি মুম্বাইয়ের জাগৃতি বিল্ডিংয়ের কাছে একটি বাড়ির উপর ভেঙে পড়ে। এরপরই সেখানে আগুন ধরে যায়। যে বাড়িতে বিমানটি ভেঙেছে সেই বাড়ির বড় অংশ ধসে পড়ে। কালো ধোয়ায় ছেয়ে যায়।
প্রসঙ্গত, বিমানটি ভারতের উত্তরপ্রদেশের সরকারের ছিল। কিন্তু বছর চারেক এলাহাবাদে একটি দুঘর্টনার পর রাজ্য সরকার বিমানটি একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেয়। এনডিটিভি।


























