
শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুর পল্লবীর একটি বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে ৩ বছরের শিশু রুহি মারা গেছে।
২৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার শ্বাসনালিসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ওই বাড়ির গ্যারেজে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণ ঘটে। প্রতিবেশীরা ঘটনার পরপরই ভবন মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের মেয়ে রুহি এবং হাসান (৩২) নামের এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করেন।
ওই বাড়ির চতুর্থ তলার এক বাসিন্দা জানান, ট্যাংকটি পরিষ্কার করার জন্য শ্রমিক হাসানকে আনা হয়েছিল। সে যখন ঢাকনা খুলে বৈদ্যুতিক বাতি দিয়ে ট্যাংকের ভেতরে দেখছিল, তখন বিদ্যুৎ চলে যায়।
পরে হাসান মোম জ্বালিয়ে ট্যাংকের ভেতরে উঁকি দিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। ঢাকানা উড়ে গিয়ে আগুনের হলকা বেরিয়ে এলে ট্যাংক পরিষ্কারের কাজ দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকা অন্যরাও দগ্ধ হন।
চিকিৎসাধীন বাকি ৪ জনের মধ্যে হাসিন আরা খনমের শরীর ৯৫ শতাংশ এবং হাসানের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রুহীর বাবা রেজাউল করিম স্টুডিওর দোকানি। ২ বোনের মধ্যে রুহী ছোট। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদরে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ভূগর্ভস্থ পানির ট্যাংকটি অনেক দিন পরিষ্কার করা হয়নি। মনে করা হচ্ছে, দেশলাইয়ের আগুনের সঙ্গে ট্যাংকে জমে থাকা গ্যাসের সংস্পর্শে ওই ঘটনা ঘটেছে বলে ।




















