শ্যামলবাংলা ডেস্ক : উড্ডয়নের পরপরই ইরানের অসিম্যান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে রাজধানী তেহরান থেকে ইয়াসুগ শহরে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরান নিউজ নেটওয়ার্ক বলছে, দেশটির জরুরি মেডিক্যাল সার্ভিসের প্রধান পীর হোসেইন কুলিবন্দ বলেছেন, ইয়াসুগ শহর থেকে ১৮৫.৫ কিলোমিটার দূরে ইসফাহান প্রদেশের সেমিরনে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬৬ জন আরোহী ছিলেন। তবে তাদের সর্বশেষ অবস্থা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে চারণভূমিতে জরুরি অবতরণের চেষ্টা করেছে। বিমান বিধ্বস্তের স্থানে উদ্ধারকারী দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পীর হোসেইন কুলিবন্দ। তিনি বলেন, বিমানটি প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।


























