শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় বীরবিক্রম শাহ মু’তাসিম বিল্লাহর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শহীদের কবরের পাশে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরু বলেন, ‘নিজ এলাকায় শহীদের স্মৃতিস্তম্ভ নির্মাণ খুবই ভালো একটি উদ্যোগ। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারবে এবং দেশের জন্য আত্মত্যাগের বিষয়ে উদ্বুদ্ধ হবে।’ স্থানীয় ইউনিয়ন কমান্ডার মো. নজরুল ইসলামের সভাপতিত্ব সমাবেশে স্বাগত বক্তব্য দেন শহীদ খুররমের ছোট ভাই শাহ মুস্তাসিম বিল্লাহ। ওই সময় অন্যান্যের মধ্যে অধ্যাপক মোকাররম হোসেন, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, জামালপুর মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি সাংবাদিক উৎপল কান্তি প্রমুখ উপস্থিত ছিলেন।









