স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ছাপাখানায় আগুন লেগে বস্তা ছাপানোর ছাপাখানাসহ ৫ বসতঘর ভস্মীভূত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের চাপাতলী এলাকায় ওই অগ্নিকান্ড ঘটে।
জানা যায়, শেরপুর শহরের চাপাতলী বাঁধন মিয়ার বর্ণমালা নামে একটি বস্তা ছাপানোর ছাপাখানায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশর্^বর্তী জমরুদ্দীন ও মুন্নামিয়ার ৫টি বসতঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ সুবোল দাস বলেন, অগ্নিকান্ডের পর থেকে ছাপাখানায় কর্মরত শ্রমিকরা পলাতক রয়েছে, তার জন্য আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে শট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।









