জীবন স্বপ্নময়; তাই পদে পদে চ্যালেঞ্জ থাকবে। আর প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ব্যবসায় নতুন নতুন প্রতিযোগিতা, সমস্যা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে সামনের দিকে, এটাই স্বাভাবিক। এখানে সফলতা অর্জন করাটা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি বিফলতা একজন ব্যবসায়ীকে নিয়ে যেতে পারে খাদের কিনারায়, ফেলতে পারে অস্তিত্ব সংকটে। কঠিন পরিশ্রম, সততা, নিষ্ঠা ব্যতিরেকে ব্যবসায় সফলতা অর্জন করা যায় না- কথাগুলোগুলো বলছিলেন দেশের প্রসিদ্ধ চাউল উৎপাদনকারী প্রতিষ্ঠান শেরপুরের জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান করবাহাদুর আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
তিনি ১৪ এপ্রিল ১৯৬১ সালে শহরের উপকণ্ঠ গোপালবাড়ী মহল্লায় বাবা ইউনুছ আলী ও মাতা জবেদা বেগমের কোল আলো করে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে দশম শ্রেণির ছাত্রবস্থায় ব্যবসায় আগ্রহী হয়ে উঠেন। প্রথমে হাটে হাটে ধান বেচা-কেনার মাধ্যমে ব্যবসায় তার দীপ্ত পদচারণা ঘটে। ব্যবসার মুনাফা তাকে দিন দিন আরও আগ্রহী করে তোলে। স্বপ্নে বিভোর হয়ে পড়েন একটি রাইস মিল প্রতিষ্ঠার। কিন্তু পুঁজি স্বল্পতার কারণে প্রথমে ভাড়াভিত্তিক একটি রাইস মিলে চাউল উৎপাদন ও চাউল ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েন। ১৯৮৪ সালে একটি চাউল উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। রাইস মিল থেকে ব্যবসা নানা দিকে প্রসারিত হতে থাকে। তা ডাল-পালা ছড়িয়ে এখন জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ, সাকী অটো রাইস মিল (প্রাঃ) লিঃ, পিয়ারী রাইস মিল, সাদুজ্জামান রাইস মিল, সাদী ট্রান্সপোর্ট, সাদী চার্কলসহ সব মিলিয়ে এখন গ্রুপ অব কোম্পানীতে পরিণত হয়েছে। সততা, মানবিকতা ও সামাজিকতা যার ধর্ম, পরিশ্রম তার সাধনা বলেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচিত সহ-সভাপতি, জেলা ট্রাক-মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা মিলমালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দফায় দফায় নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ী হিসেবে নিজেকে একটি নির্দিষ্ট ফ্রেমে আটকে রাখেননি। বিভিন্ন সামাজিক-ধর্মীয় আচার-অনুষ্ঠানে সাহায্য-সহযোগিতার পাশাপাশি তার দীপ্ত পদচারণা একজন সুহৃদ ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠা করেছেন।
বাংলাদেশ রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-ময়মনসিংহ’র আয়োজনে ‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী কর দাতাদের পুরষ্কার প্রদান নীতিমালা ২০০৮’ অনুযায়ী জেলার একমাত্র কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন জয়নাল আবেদীন। এছাড়া জাতীয় পর্যায়ে দেশের সেরা বিদ্যুৎ গ্রাহক পুরস্কার-২০১৬ (শিল্প) লাভ করেছেন তিনি। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বিদ্যুত ভবনের মুক্তি হলে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপির হাত থেকে ওই পুরস্কার গ্রহণ করেন আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। এছাড়া তার ঝুলিতে ছোট ছোট অর্জন তো রয়েছেই।
তার আতপ অটো রাইস মিলের ‘আমন্ত্রণ’ নামে তুলসীমালা সুগন্ধি চাউল দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারে চাহিদা তৈরিতে সক্ষম হয়েছে। সম্প্রতি সম্ভাবনাময় তুলসীমালা আতপ চাউলকে শেরপুর জেলা ব্র্যান্ডিং পণ্য (ভৌগলিক নির্দেশক) হিসেবে ঘোষণা করা হয়েছে ওই প্রসিদ্ধ চাউল ব্যবসায়ীর কল্যাণেই। এ বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকম ও সাপ্তাহিক দশকাহনীয়ার সাথে একান্ত সাক্ষাতকারে নানা বিষয়ে কথা বলেছেন শীর্ষ চাউল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার করবাহাদুর আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ জুবায়ের রহমান ও জুবাইদুল ইসলাম।
শ্যামলবাংলা২৪ডটকম : তুলসীমালার সম্ভাবনা ও জেলা ব্র্যান্ডিংয়ের বিষয়ে আপনার মতামত কী?
জয়নাল আবেদীন : দেশের অর্থনীতির মূল চালিকা হচ্ছে কৃষি। মাটি ও বিশাল জনগোষ্ঠীর কারণে সম্ভাবনাময় ‘নেক্সট ইলেভেন’ এর দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ। দেশের সম্ভাবনাময় শিল্পগুলোর মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ইতোমধ্যে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। গর্ভে বুক ভরে যায় আমরা সরাসরি বিদেশে বিশ্বমানের এই চাউল রপ্তানী করতে না পারলেও বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানী তথা দেশের বিভিন্ন এজেন্ট কোম্পানী ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে চাউল রপ্তানী করে আসছে এবং সুপার শপগুলোতে বাংলাদেশি উৎকৃষ্টমানের সুগন্ধি চাউলের প্যাকেট শোভা পাচ্ছে। বিশ্ববাজারে সামান্য হলেও এর চাহিদা তৈরি হয়েছে। তাই দেশের সীমান্তবর্তী ছোট্ট জেলা শেরপুরে উৎপাদিত তুলসীমালাকে জেলা ব্র্যান্ডিং করায় আমরা উৎফুল্ল ও গর্বিত।
শ্যামলবাংলা২৪ডটকম : জেলায় কি পরিমাণ তুলসীমালা চাউল উৎপাদন হয়? শেরপুরের চাহিদা কত?
জয়নাল আবেদীন : জেলায় ছোট-বড় ৫৫টি অটো রাইস মিলে প্রতিদিন গড়ে ৫/৬শ টন চাউল উৎপাদন হয়ে থাকে। তুলসীমালা উৎপাদনকারী অঞ্চল হিসেবে জেলায় এর চাহিদা খুবই কম। তবে জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এ চাউল সরবরাহ করা হয়।
শ্যামলবাংলা২৪ডটকম : তুলসীমালার প্রচার ও প্রসার সম্পর্কে কিছু বলুন।
জয়নাল আবেদীন : তথ্য-প্রযুক্তির এ যুগে বিশ্ব আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে। মুহূর্তেই ক্রেতারা বিভিন্ন দেশের বিভিন্ন পণ্যের সাথে পরিচিত হচ্ছে। বাজারে এখন প্রতিযোগিতার অভাব নেই। তাই ব্যবসা ভাল করার জন্যে সবচেয়ে বড় নীতি হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদন করা। এই নীতি অনুসরণ করলে বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আমাদের পণ্য। তবে শুধু তুলসীমালা চাউলকে জেলা ব্র্যান্ডিং করে বসে থাকলে চলবে না। সরকারি-বেসরকারিভাবে এর প্রচার-প্রসার ঘটাতে হবে। আমাদের উৎপাদিত উৎকৃষ্টমানের চাউলের গুণগত মান সম্পর্কে বিশ্ববাসীকে জানান দিতে হবে। তবেই আক্ষরিকভাবে আমাদের উৎপাদিত তুলসীমালা সুগন্ধি চাউল বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করবে। এভাবে আমরা বিশ্বে বাংলাদেশের উপস্থিতি জানান দিতে পারি।
শ্যামলবাংলা২৪ডটকম : তুলসীমালা চাউল প্যাকেটজাত করা হয় কি পরিমাণে?
জয়নাল আবেদীন : আধুনিক মেশিনে কোনো প্রকার হাতের ছোঁয়া ছাড়াই স্বয়ংক্রিয় মেশিন দ্বারা ছাটাই-বাছাইয়ের মাধ্যমে ১ কেজি, ৫ কেজি, ১০ কেজি ও ৫০ কেজি পর্যন্ত প্যাকেটজাত করা হয়ে থাকে।
শ্যামলবাংলা২৪ডটকম : তুলসীমালাকে জেলা ব্র্যান্ডিং করায় এর চাহিদা বেড়েছে কি-না?
জয়নাল আবেদীন : সম্প্রতি জেলা ব্র্যান্ডিং বিষয়ক মতবিনিময় সভায় শেরপুরের উৎপাদিত বিভিন্ন কৃষিজাত পণ্য, দর্শনীয় স্থান, ইতিহাস-ঐতিহ্য ও প্রাচীন স্থাপনা- এসবের উপর আলোচনার মাধ্যমে শেরপুরে অধিক উৎপাদিত উৎকৃষ্টমানের তুলসীমালা চাউলকে জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় আনা হয়েছে। এটা বেশিদিন হয়নি। তবে ডিজিটালাইজেশনের এই যুগে সরকারি-বেসরকারি-বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে এর গুণগত মান ও উৎকৃষ্টতা মানুষের মাঝে জানান দিতে পারলে চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।
শ্যামলবাংলা২৪ডটকম : জেলা ব্র্যান্ডিং হিসেবে এর প্রচার-প্রসারে মিনিমার্কেট প্রয়োজন আছে কী?
জয়নাল আবেদীন : জেলায় জেলায় তুলসীমালা চাউলের চাহিদা তৈরিতে মিনিমার্কেটের প্রয়োজনীয়তা ততোটা না থাকলেও বিভাগীয় শহরগুলোতে এর চাহিদা বাড়াতে মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা আছে। এছাড়া শুধু দেশেই নয়, আমাদের বাণিজ্য সম্পর্কিত বন্ধুপ্রতীম দেশসমূহের বাণিজ্য মেলায় সরকারি-বেসরকারিভাবে স্টল স্থাপনের মাধ্যমে এর প্রচার-প্রসার ঘটানো সম্ভব। আর সেটা হলে তুলসীমালা হতে পারে রপ্তানী আয়ের অন্যতম উৎস।
শ্যামলবাংলা২৪ডটকম : ধান উৎপাদনে কৃষি ও কৃষকদের সম্পর্কে কিছু বলুন।
জয়নাল আবেদীন : দেশের কৃষিতে সার্বিকভাবে লাভবান হওয়ার জন্য আমাদের আর্থ-সামাজিকতাবোধ, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, চাহিদা ও বাজারগুলোতে গুরুত্ব দিতে হবে। বিদেশি ফুল-ফলের প্রতি গুরুত্ব না দিয়ে দেশিয় ফল-ফসলের উৎপাদন বাড়াতে দক্ষতা, ইচ্ছা আর লাভের কথা চিন্তা করেই যৌক্তিকভাবে এগুতে হবে। তবেই কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ বা সুদৃঢ় করা সম্ভব হবে। ভেবে-চিন্তে উদ্যোগী হলে এর ফলও ভালো হবে। কৃষি বিষয়ে আমাদের দক্ষতার ঘাটতি রয়েছে। অন্যদিকে রয়েছে প্রয়োজনীয় কৃষি উপকরণের অভাব। এ ব্যাপারে কৃষি বিভাগের যথাযথ সহযোগিতা ও সরকারি সাহায্য পেলে কৃষকরা তুলসীমালা ধানচাষে আরও উৎসাহী হয়ে উঠবে।
শ্যামলবাংলা২৪ডটকম : চাউল ব্যবসার পাশাপাশি আর কি ধরনের ব্যবসার সাথে জড়িত?
জয়নাল আবেদীন : সম্ভাবনাময় শিল্প হিসেবে আমরা বেশ কয়েক বছর ধরে মৎস্য ও দুগ্ধ শিল্পে গুরুত্ব দিচ্ছি। কিন্তু ব্যাপক সম্ভাবনাময় এ খাতে নানারকম প্রতিবন্ধকতা রয়েছে। সে চ্যালেঞ্জ আমরা নিয়েছি। ইতোমধ্যে বেশ সফলতার মুখও দেখতে পাচ্ছি।
শ্যামলবাংলা২৪ডটকম : আপনাদের ব্যবসার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলুন।
জয়নাল আবেদীন : আমাদের ব্যবসায়িক ব্রত হচ্ছে ‘দারিদ্র্য ও ক্ষুধা’ জীবনের অভিশাপ। আমরা লাভজনক ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে মানুষের মর্যাদা ও আত্মসম্মান বৃদ্ধি করছি। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানসমূহে ১শ ৬০ জন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ৫ শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করছে। কর্মরত শ্রমিকদের চিকিৎসা, ছেলে-মেয়েদের শিক্ষা ব্যয় ও মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা চলমান রয়েছে।
শ্যামলবাংলা২৪ডটকম : এবারের উন্নয়ন মেলায় আপনার প্রতিষ্ঠানের উৎপাদিত তুলসীমালা স্টল দিয়ে প্রথম স্থান অধিকার করেছে। এ বিষয়ে আপনার মতামত কি?
জয়নাল আবেদীন : উন্নয়ন মেলায় জে এন্ড এস গ্রুপের তুলসীমালা চাউলের প্রদর্শনী স্টল ক্রেতা সাধারণের নজর কাড়তে সক্ষম হয়েছে এবং এর চাহিদা বাড়াতে প্রতি প্যাকেটে ২০% ছাড় দিয়েছি। আর এতে আশানুরূপ বিক্রি হয়েছে। অন্যান্য জেলার চেয়ে আমাদের মেলা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। জে এন্ড এস গ্রুপের প্রদর্শনী স্টল যেমন মেলায় আগত সকল শ্রেণি-পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিল, তেমনি জেলা প্রশাসনও এর ন্যায্য প্রাপ্যতা আমাদের প্রদর্শনী স্টলকে দিয়েছে। এজন্য আমরা জেলা প্রশাসনসহ শেরপুরের সকল শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানাই।
শ্যামলবাংলা২৪ডটকম : আপনি সম্প্রতি করবাহাদুর পরিবারের স্বীকৃতি ও সেরা বিদ্যুৎগ্রাহক নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই।
জয়নাল আবেদীন : আমিসহ আমার পরিবারের ৪ সদস্য নিয়মিত আয়কর পরিশোধ করে আসছি। বড় ছেলে সাদুজ্জামান সাদী ১০ বছর ধরে, ছোট ছেলে সাইফুল নাহী জিল্লুর সাকী ৫ বছর ধরে ও স্ত্রী ছফুরা বেগম ১১ বছর ধরে নিয়মিত আয়কর দিয়ে আসছে। টানা পঞ্চমবারের মতো জেলার সেরা আয়করদাতা নির্বাচিত হয়েছে সাদী। সততা-নিষ্ঠা পরিশ্রম আর কঠিন সাধনার বলেই এমন গৌরবময় সম্মান পেয়েছি। সামনের দিনগুলোতে ব্যবসায় আরও স্বচ্ছতা ও সম্মান বয়ে আনাই আমাদের লক্ষ্য। আয়কর ফাঁকি দিলে নিজের ও দেশের ক্ষতি। তাই যারা আয়করের আওতায় পড়েন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে আয়কর দেওয়ার আহ্বান জানাই। অন্যদিকে সেরা বিদ্যুৎ গ্রাহক নির্বাচিত হওয়ায় নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি। ভবিষ্যতেও এ অর্জন ধরে রাখতে চাই।






