স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানের নেতৃত্বে সভাপতি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবসহ অন্যান্য প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ওইসময় নির্বাচন কমিশনার এডভোকেট মধুসূদন দত্ত, এডভোকেট মোঃ মুনীর, এডভোকেট জাহিদুল হক আধার ও এডভোকেট হাছেন আলীসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, সাবেক জিপি এডভোকেট মোঃ আনিসু্জ্জামান, সাবেক পিপি এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট মোখলেসুর রহমান জীবনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঐক্য পরিষদ সমর্থিত অন্যান্য প্রার্থীরা হচ্ছেন সহ-সভাপতি পদে এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ আল আমিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ হারুন-অর-রশিদ বাচ্চু, অডিটর পদে এডভোকেট ফরহাদ আলী, নির্বাহী সদস্য পদে এডভোকেট জয়নাল আবেদীন আপেল, এডভোকেট আশরাফুন্নাহার রুবী, এডভোকেট মোঃ আদিলুজ্জামান ও এডভোকেট মতিউর রহমান। তবে এডভোকেট মতিউর রহমান দাবি করেছেন, তিনি কোন প্যানেলে আবদ্ধ না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঐক্য পরিষদের বিপরীতে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি পদে এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীর নেতৃত্বে আরেকটি প্যানেল অংশ নিচ্ছে।









