স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফরের বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার সকালে শেরপুর থেকে আশুলিয়া ফ্যান্টাসী কিংডমে যাওয়ার পথে ময়মনসিংহের তারাকান্দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওইসময় শিক্ষাসফরের বহরে থাকা ছাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে অন্ততঃ ১৫ জন আহত হয়।
আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের উপাধ্যক্ষ নাসরিন রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসে ৫০ জন ছাত্রী ও ২ জন শিক্ষক ছিলেন। বাসের সামনের দিকে বসা ছাত্রীদের ১৫ জন ও ১ জন শিক্ষক আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে ৫ জন ছাত্রী ও ১ জন শিক্ষককে উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য ভর্তি করা হয়েছে। ুর্ঘটনার কারণে শিক্ষা সফর বাতিল করেছে কর্তৃপক্ষ। আহত অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি জানান, হাসপাতালে শিক্ষার্থী ও চিকিৎসকদের সাথে দেখা করে খোঁজ-খবর নেয়া হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় বিষয়ে তদারকি করা হচ্ছে।









