শ্যামলবাংলা ডেস্ক : নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন, নির্বাহী ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিনটি অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে এই তিনটি অঙ্গের ও কাজের মধ্যে সমন্বয়ের অভাব থাকে সেখানে উন্নয়ন ব্যাহত হয়। তিন অঙ্গের কাজের মধ্যে যেন সমন্বয় রক্ষা করা যায়, সে জন্য আমি সব সময় চেষ্টা করব।
শনিবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রবিবার থেকে কাজ শুরু করেছেন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকাল সোয়া ৮টার দিকে নিজের কার্যালয়ে এলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. জাকির হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা প্রধান বিচারপতিকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রথা অনুসারে সকাল ১০টা ৩৫ মিনিটে আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
ওই সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। শুরুতেই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। সংবর্ধনার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট যেন সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সংবিধান অনুযায়ী তার নিজ দায়িত্ব পালন করেন, সেটিও আমি নিশ্চিত করতে চেষ্টা করব। আমাদের এমনভাবে আদালতের ভাবমূর্তি গড়ে তুলতে হবে যেন আদালত প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শক্তিমান-দুর্বল, ধনী-গরিব, সকলের মধ্যে এই বিশ্বাস জন্মে যে তারা সকলেই সমান। এবং আদালতের কাছ থেকে শুধু আইন অনুযায়ী তারা ন্যায়বিচার পাবেন। এতে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হবে।’
তিনি বলেন, বিচারকদের সবচেয়ে বড় শক্তি সততা। তার জবাবদিহির জায়গা হচ্ছে নিজের বিবেক। সংবিধান ও দেশের আইন তার একমাত্র অনুসরণীয়। শপথকে দৃঢ়ভাবে ধারণ করে কারও প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে বিচারকাজ পরিচালনা করা হবে তার দায়িত্ব।



















