স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে উৎসবমুখর পরিবেশে শীতের পিঠা উৎসব-১৪২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে পৌর লেডিস ক্লাব ও উজ্জয়নী মহিলা সংগঠন যৌথভাবে ওই পিঠা উৎসবের আয়োজন করে। শহরের বটতলা এলাকার পৌরভবন চত্বরে আয়োজিত ওই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পিঠা উৎসবের উদ্যোক্তা সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জুমান আলম লিপি প্রমুখ।
চিতই, ভাঁপা, পুলি, পাক্কন পিঠা সহ স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা সহ ৮৫ রকমের পিঠার সমাহারে বসে ওই পিঠা উৎসবের ২৮টি স্টলে। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শনার্থীরা স্টলগুলো থেকে পিঠা কিনে খাওয়ার পাশাপাশি বাড়ির জন্যও নিয়ে যান। পরে উৎসব মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।









