স্টাফ রিপোর্টার ॥ ‘দ্রোহে বিদ্রোহে বিপ্লবে, গড়ি বিশ্ব সপ্তসুরে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে উদীচীর সুবর্ণজয়ন্তী ও ময়মনসিংহ বিভাগীয় নাট্যোৎসব উপলক্ষে এবার নাট্যজন সম্মাননা লাভ করেছেন শেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। উৎসবের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিবস ২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে তার হাতে ওই সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। একই অনুষ্ঠানে জামালপুরের ফজলুল করিম ভানু ও নেত্রকোনার রাখাল বিশ্বাসকেও ওই সম্মাননা প্রদান করা হয়।
উদীচীর সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক অধ্যাপক যতীন সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষাসংগ্রামী ও সংস্কৃতিজন কামাল লোহানী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। ‘উদীচীর সুবর্ণজয়ন্তী প্রাপ্তি-প্রত্যাশা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ প্রদীপ চন্দ্র কর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুভঙ্কর চক্রবর্তীর রচনায় ও শিব শংকর কারুয়া শিবুর নির্দেশনায় শেরপুর জেলা উদীচী পরিবেশিত নাটক ‘মড়া’ বেশ প্রশংসিত হয়।
উল্লেখ্য, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু পাতাবাহার খেলাঘর আসরের সাবেক সভাপতি, জেলা মানবাধিকার কমিশনের উপদেষ্টাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
এদিকে উদীচীর নাট্যজন সম্মাননা লাভ করায় অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, জেলা খেলাঘরের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দীপু, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।









