স্টাফ রিপোর্টার ॥ ‘অরণ্যেই মুক্তি, মুক্ত ডানার’- এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে প্রতিষ্ঠিত পাখি পল্লব’র উদ্যোগে প্রত্যন্ত পল্লী থেকে উদ্ধার হওয়া সেই বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচাটিকে অবশেষে মুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে। ২১ জানুয়ারি রবিবার রাতে শহরের শেরীশ্মশানের অশ্বত্থ তলায় লক্ষ্মী পেঁচাটি অবমুক্ত করা হয়। সাথে সাথে পেঁচাটি উড়ে গিয়ে পাশে থাকা মেহগনি গাছের মগডালে বসে। ওইসময় পাখি পল্লব’র সভাপতি ফকির শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক সুজয় মালাকার, অর্থ সম্পাদক দেবদাস চন্দ বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদির, সদস্য সাইফুল ইসলাম, উন্নয়ন কর্মী সোলায়মান আহমেদসহ শ্মশানের লোকজন উপস্থিত ছিলেন।
লক্ষ্মী পেঁচাটি অবমুক্ত করার পর এক প্রতিক্রিয়ায় পাখি পল্লব’র সভাপতি পাখিপ্রেমী শহীদুজ্জামান ২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, পেঁচাটি অবমুক্ত করার পর তা মেহগনি গাছের মগডালে বসার পর আমাদের দিকে মাথা ঘুরিয়ে বারবার দেখছিল। আমাদের সাথে দু’দিন ছিল পাখিটি। ফলে পাখিটির প্রতি আমাদের মায়া বসে গিয়েছিল। এজন্য পাখিটিকে ছেড়ে দেবার কারণে আমাদের মন খারাপ হলেও তাকে মুক্ত করতে পারায় আমরা আনন্দিতও হয়েছি।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি শেরপুর সদরের চর জঙ্গলদি এলাকায় এক স্কুলশিক্ষার্থীর বাড়িতে পা বাঁধা ও আহত অবস্থায় ওই লক্ষ্মী পেঁচাটি দেখে ওই শিক্ষার্থীকে বুঝিয়ে তা উদ্ধার করে পাখি পল্লব’র নেতারা। পরে দু’দিন সংগঠনের সাধারণ সম্পাদক সুজয় মালাকারের তত্ত্বাবধানে রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। এরপর বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম-আল-হকের পরামর্শে পাখিটিকে অবমুক্ত করার উদ্যোগ নেয় পাখি পল্লব’র নেতৃবৃন্দ।









