শ্যামলবাংলা ডেস্ক : বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ হয়ে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাধর্মী প্রতিষ্ঠান বাংলা একাডেমি। পঞ্জিকার পালাবদলে ৩ ডিসেম্বর রবিবার বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক এ প্রতিষ্ঠানটির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যন্ত ছড়িয়ে গেছে বাংলা একাডেমির সুনাম।
৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এটি আমাদের গর্বের প্রতিষ্ঠান। জাতীয় পর্যায় পেরিয়ে বাংলা একাডেমির এগিয়ে চলা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হচ্ছে। সমগ্র বিশ্বেই আমাদের লোকজ গবেষণা নিয়ে আলোচনা হয়।
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে বাংলা একাডেমির পথচলা শুরু হয়। বাংলা একাডেমির প্রথম সচিব ছিলেন মুহম্মদ বরকতুল্লাহ, তার পদবি ছিল বিশেষ কর্মকর্তা বা স্পেশাল অফিসার। প্রথম পরিচালক হিসেবে অধ্যাপক মুহম্মদ এনামুল হক, প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মযহারুল ইসলাম। একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হলো আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খানের ‘লাইলী মজনু’। সেই থেকে আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে প্রায় ছয় হাজার বই। এর মধ্যে উল্লেখযোগ্য- ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ‘আঞ্চলিক ভাষা অভিধান’, ‘বিবর্তনমূলক অভিধান’, ‘লোকজ সাংস্কৃতিক ইতিহাস’, ‘রবীন্দ্রজীবনী’, ‘বাংলা ও বাঙালির ইতিহাস’, ‘বাংলা সাহিত্যের ইতিহাস’, ‘বিজ্ঞানকোষ’, ‘প্লেটোর আইন-কানুন’ ইত্যাদি। এ ছাড়া ‘বাংলা একাডেমি পত্রিকা’, ‘উত্তরাধিকার’, ‘বাংলা একাডেমি বার্তা’, ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’, ‘বাংলা একাডেমি জার্নাল’ ও ‘ধানশালিকের দেশ’ নামে ছয়টি নিয়মিত প্রকাশনা রয়েছে।
৪ টি বিভাগের মাধ্যমে বাংলা একাডেমি বিভিন্ন কার্যক্রম সম্পাদন করছে। সেগুলো হলো গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগ; ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগ; পাঠ্যপুস্তক বিভাগ এবং প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ। একাডেমি প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে ‘অমর একুশে গ্রন্থমেলা’র আয়োজন করে। একই সঙ্গে প্রদান করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এ ছাড়া রবীন্দ্র পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ও প্রবাসী সাহিত্য পুরস্কারও দিয়ে থাকে। এসবের পাশাপাশি বর্ধমান হাউসে ভাষা আন্দোলন জাদুঘর জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর এবং লোকঐতিহ্য জাদুঘর পরিচালনা করে প্রতিষ্ঠানটি। ভাস্কর নভেরা প্রদর্শনালয় নামে একটি গ্যালারিও রয়েছে একাডেমির অধীনে।
৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে। বিকেলে একাডেমির রবীন্দ্রচত্বরে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা দেবেন অধ্যাপক গোলাম মুরশিদ। বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।




















