মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত
স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুর-জামালপুর অঞ্চলেও মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ২৬ নভেম্বর রবিবার বিকেলে শেরপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ২৯০ পিস ইয়াবাসহ রাজু শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের অভিযানিক দল। সোমবার দুপুরে মাদক আইনের মামলায় গ্রেফতারকৃত রাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজু সদর উপজেলার সাপমারী গ্রামের মৃত জামতুল শেখের ছেলে।
জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার জঙ্গলদী চৌরাস্তা মোড় এলাকা থেকে ২৯০ পিস ইয়াবাসহ রাজু শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮৭ হাজার টাকা। পরে অভিযোগসহ রাতে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মাহবুব-উল-আলম বলেন, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবার প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘বাংলাদেশ আমার অহংকার’, এ স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে সমাদৃত হয়েছে।









