শ্যামলবাংলা ডেস্ক ॥ শেরপুরের কৃতি সন্তান প্রফেসর ড. একেএম গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর নিযুক্ত হওয়ায় বিভিন্ন মহল ঢাবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামানসহ তাকে অভিনন্দন জানিয়েছেন। ১৯ অক্টোবর বৃহস্পতিবার ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. একেএম গোলাম রব্বানীকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান। ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. এ এম আমজাদের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে গোলাম রব্বানী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করে বলেন, প্রফেসর ড. একেএম গোলাম রব্বানী কর্তব্য নিষ্ঠার মধ্য দিয়ে তার নতুন দায়িত্ব পালন করে ঢাবির শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা রাখবেন। অন্যান্যের মধ্যে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাসুদ, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে আরবান স্টাডিজের ওপর পিএইচডি সম্পন্ন করেন। তিনি ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপনায় যোগ দেন এবং পাশাপাশি ২০১৬ সালে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর গোলাম রব্বানী বলেন, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, তিনি শেরপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আব্দুল মজিদের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকনের ছোট ভাই।



















