স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় এবার জঙ্গীদের বিস্ফোরক তৈরীর গোডাউনের সন্ধান এবং ওই গোডাউন থেকে নাইট্রিক এসিড, সালফারিক এসিড, ক্লোরোফর্ম ও ডাইক্লোমেথিনসহ বিস্ফোরক তৈরীর প্রায় ৬শ লিটারের বিপুল পরিমাণ রাসায়নিক তরল পদার্থ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ৭ অক্টোবর শনিবার নকলা থানায় এসআই আব্দুস সাত্তার বাদী হয়ে গোডাউনের ভাড়াটে আবুল কাশেম (২২) ও ফয়েজ উদ্দিন (৩৩) এবং মালিক মিনারা বেগম (৩২)সহ স্বনামে ৩ জন ও অজ্ঞাতনামা বেশ কয়েকজন জঙ্গীকে আসামী করে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় একটি মামলা দায়ের করেছেন এবং ওই মামলায় মিনারা বেগম ও ফয়েজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপরই ওই গোডাউনটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা রাখা হয়। ওই জঙ্গী গোডাউনের সন্ধান এবং তা থেকে বিস্ফোরক তৈরীর বিপুল পরিমাণ রাসায়নিক তরল পদার্থ উদ্ধারের মধ্য দিয়ে জেলায় জঙ্গিদের বড় ধরনের কয়েকটি নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এদিকে ওই ঘটনায় নকলাসহ খোদ শেরপুরে ব্যাপক তোলপাড় চলছে।
এদিকে শুক্রবার ভোরে ওই দোকানঘরের মালিক স্থানীয় মৃত ছাইদুল ইসলাম বিপুলের স্ত্রী মিনারা বেগমকে আটক করে পুলিশ। এরপর ওইদিন উদ্ধারকৃত বিস্ফোরক কেমিক্যাল কি ধরনের তেজষ্ক্রীয়তা ও বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন তা নিশ্চিত করতে ঢাকা থেকে আগত ক্রাইম সিন বিভাগের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী, সিআইডির ৭ সদস্যের একটি টিম সকাল থেকে ওই তরল পদার্থগুলো পরীক্ষা করে এবং রাতে সেগুলো বড় ধরনের নাশকতার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরীর কাজে লাগত বলে পুলিশের কাছে রিপোর্ট হস্তান্তর করে। ওই রিপোর্টের পর রাতেই জেলা সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। ওইসময় তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে গোয়েন্দা তথ্যে জানানো হয়েছিল, দুর্গাপূজায় জেলায় বড় ধরনের নাশকতার সৃষ্টি হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে জেলার সর্বত্র গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়। গোয়েন্দা রিপোর্ট ও পুলিশ হেডকোয়াটার্সের তথ্যের আলোকে ওই অভিযান পরিচালিত হয়। শনিবার দুপুরে নকলা এলাকা থেকে মামলার আসামী ফয়েজ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া এজাহারনামীয় প্রধান আসামী আবুল কাশেমসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। তবে আবুল কাশেমের পরিবারের লোকজনের দাবি, বুধবার রাত ৯টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাসে সাদা পোশাকে ৫-৬ জনের একটি দল কাশেমকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে আর কেউ কাশেমের খোঁজ খবর জানে না। ওই বিষয়ে কাশেমের বড় বোন নকলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, চন্দ্রকোনা বাজারের ‘তানিশা গার্মেন্টস এন্ড সুজ’ নামে দোকানটি অধিকাংশ সময় দিনের বেলা বন্ধ থাকতো। রাতে মাঝে-মধ্যেই সেটিতে ভাড়াটে আবুল কাশেমসহ কয়েকজনকে যাতায়াত করতে দেখা যেতো। ঘরটির মালিক স্থানীয় মৃত ছাইদুল ইসলাম বিপুলের স্ত্রী মিনারা বেগম প্রায় ৮ মাস আগে পার্শ্ববর্তী চরমধুয়া গ্রামের ফয়েজ উদ্দিনের কাছে দোকান ঘরটি প্রতিমাসে ৬শ টাকায় ভাড়া দেন। কয়েক মাস পর ফয়েজ উদ্দিন ব্যবসায় লোকসান দেখে হুজুরীকান্দা গ্রামের মৃত ছাফিল উদ্দিনের ছেলে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও চন্দ্রকোনা ব্রিজের কাছে ‘কাশেম মেডিক্যাল হল’ নামীয় একটি ঔষধ বিক্রির দোকানী আবুল কাশেমের কাছে ঘরটি ভাড়া দিয়ে দেয়। স্থানীয়দের ধারণা ছিল, কাশেম কলাহাটির ওই দোকান ঘরটি ঔষধের গোডাউন হিসেবে ব্যবহার করতে ভাড়া নিয়েছে, তাই হয়তো দিনের বেলা খোলার দরকার হয় না। শুধু রাতের বেলা খুলে পরের দিনের জন্য ঔষধ নিয়ে রাখতো।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি বলেন, পুলিশ হেডকোয়াটার্সসহ গোয়েন্দা রিপোর্ট এবং ওই রিপোর্টের আলোকে নজরদারী বাড়ানোর কারণেই জেলায় জঙ্গিদের একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ওই ঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক থাকা প্রধান আসামী আবুল কাশেমসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত দুর্গাপূজায় শেরপুরের কেন্দ্রীয় নয়ানীবাড়ি মা ভবতারা মন্দিরসহ ৪টি মন্দিরে জঙ্গিরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করছে, পুলিশ হেড কোয়ার্টারের এমন তথ্যে জেলা পুলিশ প্রশাসন বিভিন্নভাবে খুঁজতে থাকে এমন ঘাঁটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারের ‘তানিশা গার্মেন্টস এন্ড সুজ’ নামে একটি তালাবদ্ধ দোকানে অভিযান চালিয়ে সেখানে জঙ্গীদের বিস্ফোরক তৈরীর গোডাউনের সন্ধান পায় পুলিশ। ওইসময় ওই গোডাউনে তল্লাশী চালিয়ে ১৯ গ্যালন রাসায়নিক তরল পদার্থ উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক কেমিক্যালের মধ্যে রয়েছে ২শ লিটার নাইট্রিক এসিড, ১৬০ লিটার হাইড্রোজেন পার অক্সাইড, ৬৫ লিটার সালফারিক এসিড+ টেট্রাহাইড্রো ফোরান, ১শ লিটার ক্লোরোফর্ম+ ডাইক্লোমিথেন, ৩৫ লিটার ডাইক্লোমিথেন, ৩৫ লিটার ক্লোরোফর্মসহ মোট ৫৯০ লিটার। ওইসব বিস্ফোরক কেমিক্যালের আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা হতে পারে।









