নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাড়ে ৬ মাস কারাভোগের পর ভারতে আটক হওয়া ২ বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৭ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়। এরা হচ্ছে পার্শ্ববর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ বাটিপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুল করিম (২৪) ও বাহাদুরাবাদ সর্দারপাড়া গ্রামের জহির আলীর ছেলে হামিদুল রহমান (১৮)। ওইসময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের অজয় দাস, পুলিশের উপ-পরিদর্শক ডি হাজং ও বাংলাদেশের পক্ষে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাতিপাগার ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম, নালিতাবাড়ী থানার এসআই শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ মার্চ জামালপুরের মাখনেরচর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ২ যুবক। পরে বিএসএফ-এর হাতে ধরা পড়লে তাদের ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতের তুরা কারাগারে ৬ মাস ১৫ দিন কারাভোগ শেষে শনিবার তাদের দেশে ফিরিয়ে দেয়া হয়।
নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।









