স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেছেন, পুলিশের তৎপরতার কারণেই জঙ্গীরা এখন শহর ছেড়ে গ্রামাঞ্চলকে নিরাপদ ঘাটি বানানোর চেষ্টা করছে। কিন্তু এতেও তারা পার পাবে না। পুলিশের আধুনিক সাইবার প্রযুক্তির মাধ্যমে সব ধরে ফেলা সম্ভব। তিনি ৭ অক্টোবর শনিবার দুপুরে শেরপুরের নকলার চন্দ্রকোনা বাজারে জঙ্গিদের বিস্ফোরক তৈরীর জন্য তরল রাসায়নিক পদার্থ উদ্ধারস্থল পরিদর্শনকালে উপস্থিত জনতা ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে ওই কথা বলেন।
ওইসময় ডিআইজি নিবাস চন্দ্র মাঝি আরও বলেন, পুলিশের রয়েছে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। তিনি সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, উদ্ধারকৃত রাসায়নিক তরল পদার্থ দিয়ে বিস্ফোরক দ্রব্য বা বোমা বানানো যেতো, যা ব্যবহার করলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হতাহতের ঘটনা ঘটতে পারতো। কিন্তু পুলিশ হেডকোয়াটার্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের ব্যাপক নজরদারীর কারণেই জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে গেছে। এজন্য তিনি পুলিশ সুপারসহ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি ধন্যবাদ জানান। ওইসময় শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।









