স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে আশরাফ আলী (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকার মৃগী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা কান্দাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার গলায় গামছা পেচানো ছিল এবং গলাসহ শরীরে জখমের চিহ্ন দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। ওই ঘটনায় রাতেই আশরাফ আলীর ছেলে রাজু মিয়া বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে
জানা যায়, ২ অক্টোবর সকালে আশরাফ আলী প্রতিদিনের মত তার ব্যাটারীচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে শহরে ভাড়ায় যাত্রী বহনের জন্য বের হয়। ওইদিন রাতে ইজিবাইক নিয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরদিন তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি জিডি করা হয়। বুধবার সন্ধ্যায় মৃগী নদীর ছনকান্দা অংশে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ সেখান থেকে ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশটি নিখোঁজ আশরাফ আলীর বলে শনাক্ত করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আশরাফ আলীর গলায় গামছা পেচানোসহ শরীরে জখম থাকায় ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ মৃগী নদীতে ফেলে গিয়ে ইজিবাইকটি নিয়ে গেছে। ওই ঘটনায় রাতেই একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামীদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চলছে।









