স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের ডাকপাড়া এলাকায় নৌকাডুবিতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর ২ কৃষি শ্রমিকের মধ্যে শহিদুল ইসলাম (২৬) নামে একজনের লাশ ঘটনাস্থলের ৬ কিলোমিটার ভাটি থেকে উদ্ধার হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে উদ্ধারের পর লাশটি পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত শহিদুল চরপক্ষীমারী ইউনিয়নের দীঘলদী মোল্লাপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে জামালপুরের শরিফপুর এলাকার বার্নারজোর ব্রিজ এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে। পরে পুলিশে খবর দেওয়া হলে নিহতের স্বজনরা গিয়ে শনাক্ত করেন। তবে আরেক নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান এখনও মেলেনি। শেরপুর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান নিখোঁজ শহীদুলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার বেপারীপাড়া এলাকায় কৃষি মজুরীর কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে। ওইসময় অন্যরা তীরে উঠলেও শহিদুল ও ফরিদ মিয়া নিখোঁজ হয়। শুক্রবার দিনভর দমকল বিভাগের ডুবুরিরা ব্রহ্মপুত্র নদে অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।









