স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অহিংস রাজনৈতিক দূরদর্শিতার কারণে। যে কারণে বাংলাদেশে আজ সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসব পালন করছে। তিনি ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে শেরপুর শহরের মার্চেন্ট ক্লাবে আয়োজিত শারদীয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে তিনি শহরের মা ভবতারা মন্দির, মার্চেন্ট ক্লাব, ক্রিয়াযোগ উপাসনালয়সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় অন্যান্যের মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।









