স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা সার্কিট হাউজ হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুস সামাদ। ওইসময় তিনি অগ্রাধিকার প্রকল্পের মান নিশ্চিতকরণসহ যথাসময়ে সেগুলো শেষ করার উপর তাগিদ আরোপ করেন।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। মতবিনিময় সভায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অগ্রাধিকার প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এরপর বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের শেরপুর জেলা শাখা আয়োজিত এক পৃথক মতবিনিময় সভাতেও মিলিত হন নৌ পরিবহন সচিব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় শেরপুরে সাংস্কৃতিক অঙ্গণকে জাগ্রত করতে শিশু একাডেমির নিজস্ব ভবন নির্মাণ, শিশু পার্ক প্রতিষ্ঠা ও সুদৃঢ় সাংস্কৃতিক বলয় গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।









