স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২ ঔষধ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৮ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজার ও কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান ও তামান্না আক্তার শারমিন।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ, চিকিৎসক নমুনা ঔষধ ও বিক্রয়নিষিদ্ধ ঔষধ রাখায় এবং কর্তব্যরত ফার্মাসিস্ট না থাকায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (এ) ধারা ভঙ্গ করার দায়ে ওই আইনের ২৭ ধারায় রঘুনাথবাজার এলাকার মাছরাঙা ড্রাগ হাউজের মালিক হামিদুল ইসলামকে ৭ হাজার টাকা এবং কলেজ মোড় এলাকার মারজিয়া মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওইসময় রাষ্ট্র পক্ষে প্রসিকিউশন দাখিল করেন শেরপুরের ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল। অভিযানকালে সদর থানার এসআই রঞ্জন রানী দত্তসহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত ঔষধ পুড়িয়ে ফেলা হয়।

























