আলমগীর হোসেন, শেরপুর ॥ প্রভাবশালীদের হামলা ভিটে মাটি থেকে উচ্ছেদের হুমকির প্রতিবাদে এবং আইনের কার্যকর প্রয়োগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলেন করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের এক দরিদ্র কৃষক পরিবার। ১৭ জুলাই দুপুরে স্থানীয় একটি সংবাদপত্র অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন পরিবারের প্রধান আছর উদ্দীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আছর উদ্দীন জানান নিজের বসতবাড়ী নির্মাণের জন্য তিনি ২৭ শতাংশ জমি কিনেন। কিন্তু তার পারিবারিক আত্মীয় সম্পর্কে চাচা ও স্থানীয়ভাবে প্রভাবশালী আবুল হোসেন মন্ডল ও আরেক চাচা সুরুজ আলী জমি কেনার ব্যাপারে আপত্তি জানান। তাদেরকে না জানিয়ে জমি কেনায় তারা ক্ষিপ্ত হন এবং জমিতে লাগানো গাছপালা কেটে ফেলে। এ বিষয়ে স্থানীয় মাতবরদের কাছে বিচার চাইলে আবুল হোসেন ও সুরুজের লোকজন তাকে এবং তার পরিবারের লোকজনকে মারধর করে। যার ফলে আছর উদ্দীন ও পরিবার সদস্যদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও মাতব্বরেরা বিষয়টি মিটমাট করার দায়িত্ব নেন। কিন্তু আবুল হোসেন ও সুরুজ এসবের তোয়াক্কার না করে ঈদুল ফিতরের দিন আছর আলীর ছোট ভাই আব্দুল্লাহকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। গুরুতর আহত আব্দুল্লাহকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মামলা করা হয়। এদিকে গুরুতর আহত ব্যক্তির রক্তাক্ত ছবিসহ পোষ্টার বের করে স্থানীয় লোকজন এই ঘটনার বিচার দাবি করেন। এদিকে লিখিত বক্তব্যে আছর আলী আরও জানান, আসামীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা গ্রহন না করায় আসামীরা এলাকায় দাপটের সাথে ঘোরাফেরা করছে এবং আমাদের দেখে নেয়ার প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আছর আলী সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ঘটনার ন্যায় বিচার প্রার্থনা করেন।









