শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে সাবিনা বেগম (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষ- স্বামী। ১৭ জুলাই সোমবার ভোরে উপজেলার পুরান শ্রীবরদী গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনার পর গা ঢাকা দিয়েছে ঘাতক স্বামী সুন্দর আলী। পুলিশ দুপুরে স্বামীর বসত ঘরের বিছানা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার পুরান শ্রীবরদী গ্রামের মফিজল হকের ছেলে সুন্দর আলীর সাথে প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার শেখেরচর পূর্বপাড়া গ্রামের ভট্টু মিয়ার মেয়ে সাবিনার বিয়ে হয়। নিহত সাবিনার ভাই রহিম উদ্দিন ও বোন সাজনি বেগম জানান, বিয়ের পর সাবিনার সুখের জন্যে তারা ৫০ হাজার টাকা যৌতুক দেয়। এরপর আরও টাকা দাবি করে সুন্দর আলী মাঝে-মধ্যেই সাবিনাকে মারপিট করতো। গৃহবধূ সাবিনার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে রবিবার রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ওই বাড়ির লোকজন গা ঢাকা দেয়। সোমবার সকাল ৮ টার দিকে বসতঘরের বিছানায় পাশের বাড়ির লোকজন গৃহবধূ সাবিনার লাশ দেখতে পায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর গৃহকর্তাসহ পরিবারের লোকজন গাঁ ঢাকা দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।










