ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের ৫টি খননযন্ত্র (ড্রেজার) ধ্বংস করেছেন। ১৪ জুলাই শুক্রবার দুপুরে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের নেতৃত্বে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালত উপজেলার তাওয়াকুচা এলাকার সোমেশ্বরী নদী থেকে দুটি ও বাকাকুড়া এলাকার পাহাড়ি মালিঝোড়া নদী থেকে ৩টি খননযন্ত্র জব্দ করেন। পরে আদালতের নির্দেশে সেগুলো ধ্বংস করা হয়। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন চক্রের সদস্যরা সুকৌশলে পালিয়ে যান। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ঝিনাইগাতী থানা পুলিশের সদস্যরা অভিযানকালে আদালতকে সহযোগিতা করেন।
আদালতের নির্বাহী হাকিম সাদেকুর রহমান ৫ খননযন্ত্র ধ্বংসের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারের রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









