স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরে গরু/গবাদি পশুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের গঠিত বিশেষ কমিটি ও মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সভায় বিশদ আলোচনা শেষে শহরে গরুর অবাধ বিচরণ বন্ধে এবং মালিকদের নিয়ন্ত্রণে রাখতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়। এরপরও গরুর অবাধ বিচারক বন্ধ না হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, গরুর মালিক আব্দুর রশিদ প্রমুখ। সভায় শহরে অবাধ বিচরণকারী গরুর অর্ধশতাধিক মালিকের মধ্যে ৪৫ জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শেরপুর শহরে অবাধে বিচরণ করে আসছে প্রায় ২ শতাধিক গরু। ফলে শহরের পরিবেশ বিনষ্টসহ জনযাতায়াত বিঘœ হয়ে আসছে। এছাড়া ডাস্টবিনের ময়লা-আবর্জনা খেয়ে-ছিটিয়ে একদিকে যেমন পরিবেশ দূষিত করে আসছিল, অন্যদিকে তেমনি বাসি-পচা খাবার গ্রহনের কারণে গরুগুলো অনেকটাই মাদকাসক্তের মতো হয়ে যাচ্ছিল। দ্রুত বর্ধনের জন্য এক শ্রেণির মালিকদের ছেড়ে দেওয়া ওইসব গরুর নিয়ন্ত্রণে স্থানীয় পৌর কর্তৃপক্ষ মাইকিংসহ নানা পদক্ষেপ নিয়েও সফল হতে পারেননি। বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও পুনঃপুনঃ আলোচনা ও সিদ্ধান্ত হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। ওই অবস্থায় ৯ জুলাই অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক এবার মালিকদের নিয়ে করা হলো মতবিনিময় সভা।









