স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌর শহরে ট্রাক ও ট্যাংক লরি পরিবহনের ক্ষেত্রে ইজারাদারদের টোল আদায়ের নামে চাঁদাবাজী ও নৈরাজ্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে জেলা ট্রাক মালিক সমিতি ও আন্তঃজেলা ট্রাক, ট্যাংক, লরি চালক-শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে শহরের বটতলাস্থ ট্রাক মালিক সমিতির অফিসে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে অবিলম্বে টোল আদায়ের নামে চাঁদাবাজী ও নৈরাজ্য বন্ধ না হলে লাগাতার আন্দোলনের মাধ্যমে ট্রাক পরিবহন সেক্টর অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পৌর শহরে ট্রাক, ট্যাংক ও লরিতে মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে পৌর ইজারাদারের মাধ্যমে সীমিত পরিমাণে টোল আদায়ের বিধান উপেক্ষা করে জেলা পরিষদ সদস্য, নবীনগর এলাকার জাকারিয়া বিষু ও ওমর ফারুকের নেতৃত্বে শহরের নবীনগর, খোয়ারপাড়, নতুন বাসস্ট্যান্ড ও শেরীব্রিজ মোড়সহ হাইওয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে টোল আদায়ের নামে প্রকাশ্যে জবরদস্তি করে চাঁদাবাজী করা হচ্ছে। এতে পৌর শহরে সুষ্ঠু ট্রাক পরিবহনের ক্ষেত্রে চরম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পরও তাদের চাঁদাবাজী ও নৈরাজ্য থামছে না। বরং গত ১৭ জুন নবীনগর এলাকায় মেসার্স সদু এন্টারপ্রাইজের সামনে মালবিহীন একটি ট্রাক থেকে টোল আদায়ের নামে জবরদস্তির ঘটনায় ট্রাক মালিক, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক সরোয়ার হোসেন ও চালকের সাথে বাদানুবাদের এক পর্যায়ে সদু এন্টারপ্রাইজে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হলে স্থানীয় প্রভাবশালী মহলের শেল্টারে বাদীপক্ষের বিরুদ্ধে দেওয়া হয় পাল্টা মিথ্যা মামলা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আন্তঃজেলা ট্রাক-ট্যাংক ও লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা ও সাধারণ সম্পাদক মজিবর রহমান। ওইসময় উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাব সভাপতি রফিকুল আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক সম্মেলনে পৌর শহরে ট্রাক পরিবহনের ক্ষেত্রে টোল আদায়ের নামে চাঁদাবাজীর বিষয়ে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, পূর্ববর্তী ঠিকাদার শহরের যে সমস্ত পয়েন্ট টোল আদায় করতেন, এখনও সেভাবেই করা হচ্ছে। তারপরও বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ ইজারাদারকে নিয়ে তা দ্রুত নিরসনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, পৌর শহরে ট্রাক পরিবহনের ক্ষেত্রে টোল আদায়ের জন্য ইজারাদার নিয়োগকারী কর্তৃপক্ষ যেহেতু পৌরসভা, সেক্ষেত্রে টোল আদায়ে কোন শর্তভঙ্গ বা অনিয়ম হলে তা পৌর কর্তৃপক্ষকেই দেখতে হবে। এক্ষেত্রে পৌরসভা ব্যর্থ বা অপারগ হলে প্রশাসনের সহযোগিতা চাইতে পারে।









