শ্যামলবাংলা ডেস্ক : অপহরণ নয়; স্বেচ্ছায় ভ্রমণে এসেছিলেন ফরহাদ মজহার বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. দিদার আহমেদ। টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী।
৩ জুলাই সোমবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব -৬ এর একটি দল খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তল্লাশি করে তাকে উদ্ধার করে।
সোমবার রাত সোয়া ১টায় প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. দিদার আহমেদ বলেন, ‘অপহরণ নয়; স্বেচ্ছায় ভ্রমণে এসেছিলেন ফরহাদ মজহার। তার সাথে থাকা ব্যাগে শার্ট, গেঞ্জি, টাকা ও মোবাইল ফোনের চার্জার পাওয়া গেছে। তিনি তার পরিবারকে বলে অথবা না বলে বাড়ি থেকে বের হন এবং আবার বাড়ি ফিরে যাচ্ছিলেন।’
ডিআইজি বলেন, ‘তার পরিবারের কাছে চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।’ তবে কি কারণে তিনি বাড়ি থেকে বেরিয়ে খুলনায় আসেন তা পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যাবে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, কিছু সময় পরপর ফরহাদ মজহার মোবাইল বন্ধ করে দেওয়ায় তার অবস্থান সনাক্ত করতে বেশি সময় লেগেছে। ফুলতলা থানা চত্বরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি টিমের কাছে তুলে দেওয়া হয় ফরহাদ মজহারকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়।
এর আগে সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এবং এ নিয়ে থানায় জিডিও করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ফরহাদ মজহার হানিফ পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। খুলনায় তার অবস্থান শনাক্ত হওয়ার পর বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এরই এক পর্যায়ে রাত ১১টা ২০ মিনিটের দিকে যশোরের নোয়াপাড়ায় ঢাকাগামী গাড়িটি তল্লাশি করে তাকে পাওয়া যায়।






























