নীরবেই চলে গেলেন শেরপুরের ভাষা সৈনিক টিপু সিং

খবর টি পড়েছেন : ২৩১
নীরবেই চলে গেলেন শেরপুরের ভাষা সৈনিক টিপু সিং
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সমাজ ও দায়িত্বশীলদের উদাসিনতায় দীর্ঘদিন নিজ বাসভূমে পড়ে থাকার এক পর্যায়ে নীরবেই চলে গেলেন শেরপুরের ভাষা সৈনিক টিপু সিং (৯১)। তিনি ৩০ জুন শুক্রবার সকাল ১১টায় শহরের মধ্যশেরী শিংপাড়া মহল্লার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এডভোকেট প্রদীপ কুমার সিংহ রায় তার জ্যেষ্ঠ ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেতা রনক সিং তার কনিষ্ঠ ছেলে। বিকেলে পৌর শেরীশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে ভাষা সৈনিক টিপু সিং এর মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মহান ভাষা আন্দোলনে তৎকালীন সাহসী যুবক টিপু সিং এর অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন স্বাধীনচেতা অন্যরকম মানুষ। তিনি তার বিদেহী আত্মার শান্তিকামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইভাবে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তার মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা,  জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ।
উল্লেখ্য, ভাষা সৈনিক টিপু সিং বাংলা ১৩৩৩ সালের ২৬ ফাল্গুন শেরপুর শহরের সিংপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা রাম কমল সিংহ রায় ও মা লক্ষিবালা সিংহ রায়। তিনি জি কে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৯ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন শেরপুর সরকারি কলেজের ৪র্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারি। কর্ম জীবনের প্রথমদিকে তিনি একজন দর্জি হিসেবে জীবিকা নির্বাহ করলেও পরে শেরপুর কলেজে ৪র্থ শ্রেণীর কর্মচারি হিসেবে যোগ দেন। ফলে চাকরি জীবনের প্রায় পুরো সময়টাই তিনি কাটিয়েছেন শেরপুরের আরেক ভাষাসৈনিক অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নানের সান্নিধ্যে।
বাংলাভাষার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে গুলি চালানোর খবর রেডিও খবরের মাধ্যমে ছড়িয়ে পড়লে ২২ ফেব্রুয়ারী বিকেলে শেরপুর শহরে স্বতঃস্ফূর্ত মিছিল বের হয়। টিপু সিংসহ স্থানীয় স্কুলের ছাত্ররা মিছিলে অংশ নেন। ছাত্ররা ছাড়াও সচেতন জনগণও মিছিলে যোগ দেন। সর্বদলীয় ভাষা আন্দোলন কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও ১৯৫২ সালের মার্চে সারা দেশে যে হরতাল আহ্বান করা হয় সেটিও শেরপুরসহ পার্শ্ববর্তী সকল থানা ও ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়। ওই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন টিপু সিং। ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার এইমওয়ে কর্পোরেশন তাকে ভাষাসংগ্রামীর সম্মাননা প্রদান করে। এরপর থেকেই তিনি নিজ বাসায় নিভৃত জীবন-যাপন করছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কবরস্থান থেকে ২ কঙ্কাল চুরি পরবর্তী সংবাদ প্রেমের টানে শেরপুরে রুশ কন্যা সিবেৎলানা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads