সঞ্চয়পত্রে সুদহার কমছে

খবর টি পড়েছেন : ১৪৮
সঞ্চয়পত্রে সুদহার কমছে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অর্থবিল পাসের আগে সঞ্চয়পত্রে সুদহার কমানোর বিষয়ে আবারও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে সুদহার কমানোর কারণে কোনো পেনশনভোগী, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কেউ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। গতকাল বুধবার জাতীয় সংসদে এসব প্রস্তাবের পাশাপাশি সঞ্চয়পত্রের ক্রেতাদের একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের সুদহার কমানোর বিষয়ে বাজেট বক্তৃতায় কোনো প্রস্তাব রাখা হয়নি। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে নিট ১৯ হাজার ৬১০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। যেখানে এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে ৪২ হাজার ৯৮ কোটি টাকা। মূলত ব্যাংক ব্যবস্থায় সুদহার কমার কারণে সঞ্চয়পত্রের চাহিদা বেড়েছে। এতে লক্ষ্যমাত্রার তুলনায় সঞ্চয়পত্র থেকে অধিক ঋণ নিতে হচ্ছে। ফলে সুদ বাবদ সরকারের ব্যয় বাড়ছে, যা ব্যয় ব্যবস্থাপনার ওপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এই বাস্তবতার বিষয়টি আমি বিভিন্ন ফোরামে উত্থাপন করেছি। তবে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণের কারণে কোনো পেনশনভোগী, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কেউ যাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, অনন্তকালের জন্য সঞ্চয়পত্রের সুদহার নির্দিষ্ট থাকতে পারে না। সুদহারের সঙ্গে মূল্যস্টম্ফীতির গভীর সম্পর্ক রয়েছে। মূল্যস্টম্ফীতি বাড়লে সুদহার বাড়ে, আর মূল্যস্টম্ফীতি কমলে কমে। বিষয়টি তাই পুনর্বিবেচনা করতে হবে। তবে সঞ্চয়পত্রের মাধ্যমে যে সামাজিক নিরাপত্তা সুবিধা দেওয়া হচ্ছে, তা যেন সঠিক ব্যক্তিরা পায়। এজন্য একটি পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। যেখানে ক্রেতার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সঞ্চয়পত্রের তথ্যকে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি, আর্থিক বাজারকে আধুনিকীকরণে প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে মানুষ বিনিয়োগের বিকল্প মাধ্যম খুঁজে পায়। এ ছাড়া এবারের বাজেটে একটি গুরুত্বপূর্ণ জনসুরক্ষার বিষয় উল্লেখ রয়েছে। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন সুবিধা সর্বস্তরের জনগণের জন্য বিস্তৃত করা হবে। এ অর্থবছরেই সার্বজনীন পেনশনের প্রাথমিক কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে, যাতে দেশের বৃহত্তর জনগোষ্ঠী পেনশন সুরক্ষার আওতাভুক্ত হতে পারেন।
এর আগে গত মে মাসে ঢাকা চেম্বারের নেতাদের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী জানান, সঞ্চয়পত্রের সুদহার কমিয়ে বাজারভিত্তিক করা হবে। বর্তমানে অধিকাংশ ব্যাংক মেয়াদি আমানতে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ দিচ্ছে। গত এপ্রিলে ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার প্রথমবারের মতো ৫ শতাংশের নিচে নেমে ৪ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। একটি সময় যেখানে মেয়াদি আমানতে সাড়ে ১৪ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেত। বর্তমানে পরিবার সঞ্চয়পত্রে সুদ পাওয়া যাচ্ছে ১১ দশমিক ৫২ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ১১ দশমিক ৭৬ শতাংশ, ডাকঘর সঞ্চয়পত্রে ১১ দশমিক ২৮ শতাংশ, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ১১ দশমিক ২৮ শতাংশ এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ১১ দশমিক শূন্য ৪ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইফেক্স কাউন্সিল সদস্য হলেন মনজুরুল আহসান বুলবুল পরবর্তী সংবাদ শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads