চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই সময় গাড়ির ভাঙা কাচে মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন বলে জানা যায়। ১৮ জুন রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় ওই ঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, পাহাড় ধসের ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে এবং সহযোগিতা করতে বিএনপির মহাসচিবের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল রাঙামাটিতে যাচ্ছিল। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পথে ইছাখালীতে তাদের গাড়িবহরের উপর হামলা ও ভাংচুর করা হয়। ওই ঘটনার পর বিএনপির প্রতিনিধিদল রাঙামাটি না গিয়ে চট্টগ্রাম শহরে ফিরে আসছেন। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারেন নি।
সেখানেই মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে জানান বিএনপি ওই নেতা।
মির্জা ফখরুলের গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সদস্য মাহবুবুর রহমান প্রমুখ ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, এলাকাটি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের। তার লোকজনই এই হামলা করেছেন।
তবে আমির খসরুর অভিযোগ অস্বীকার করে হাছান মাহমুদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিএনপি নেতাদের গাড়িবহর দুজন পথচারীকে ধাক্কা দেয়। এরপর সেখানে উত্তেজিত লোকজন কিছু একটা করেছে।’
সাম্প্রতিক পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে রবিবার সকাল পর্যন্ত ১৫৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।


























