শেরপুরে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী নীতিশ রায় আর নেই

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী নীতিশ রায় আর নেই
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী, মুক্তিযুদ্ধকালীন ‘জয় বাংলা’ পত্রিকার প্রেস ফটোগ্রাফার, সাংবাদিক নীতিশ রায় (৭৫) আর নেই। তিনি ৮ জুন সকাল ৮ টায় শহরের নয়ানীবাজারের নিজ বাসায় পরলোকগমন করেন। নিঃসন্তান নীতিশ রায় দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি অসুস্থ্য স্ত্রী কবি সন্ধ্যা রায়সহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে শহরে শোকের ছায়া নেমে আসে। রাজনীতিক, সমাজসেবী, সাংবাদিক, আইনজীবী ও সতীর্থ আলোকচিত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে একনজর দেখার জন্য ওই বাসায় ভিড় জমায়। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে বিদায় জানায়। দুপুরে পৌর শেরীশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করে তার শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, নীতিশ রায়ের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একজন সাহসী ও কালজয়ী আলোকচিত্র শিল্পীকে হারালাম। এছাড়া অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিপ্লবী রবিনিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকার, জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, জেলা আলোকচিত্র শিল্পী সমিতির সভাপতি প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক আশীষ চন্দ্র কর, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুগনিউর রহমান মনি।
জীবনবৃত্তান্ত : আলোকচিত্রী নীতিশ রায় ১৯৪৪ সালে শেরপুর শহরের নয়আনী বাজার এলাকায় প্রয়াত নন্দহরি রায়ের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সনে তিনি সৌখিন আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন। ষাট, সত্তর ও আশির দশকে আলোকচিত্র জগতে তিনি ছিলেন একজন নক্ষত্র। ১৯৭১ এ মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে চলে যান। ওই বছরের ১৬ জুন মুজিব নগর থেকে প্রকাশিত ‘জয় বাংলা’ পত্রিকার প্রেস ফটোগ্রাফার হিসেবে যোগদান করেন। সত্তর থেকে আশির দশক পর্যন্ত ইত্তেফাক, সংবাদ ও মাসিক পত্রিকা ফটোগ্রাফীসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তার ছবি বাংলাদেশের বিভিন্ন স্থানে ও বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে এবং পুরস্কার পেয়েছে। ১৯৮২ সনে জাপানে অনুষ্ঠিত সপ্তম এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আলোকচিত্র প্রতিযোগিতায় নীতিশ রায়ের ছবি ‘তৃষ্ণা’ ইয়াকুল্ট পুরস্কার লাভ করে। শিল্প-চেতনা সমৃদ্ধ আলোকচিত্রী নীতিশ রায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, শেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন কৃষ্টি প্রবাহ ও ত্রিসপ্তক নাট্যগোষ্ঠীর সঙ্গেও জড়িত ছিলেন এবং অভিনয়ে অংশগ্রহণ করতেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে নির্যাতিতা কলেজছাত্রী লোপার অবস্থার অবনতি ॥ উন্নত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads