স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখী-সমৃদ্ধ, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর। তার সফল নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা নিরাপদ ও শান্তিময় নান্দনিক শেরপুর গড়তে কাজ করছি। এজন্যও সকলের সমন্বিত প্রয়াস থাকতে হবে। তিনি ১৪ মে রবিবার দুপুরে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য দানকালে ওই কথা বলেন। ওইসময় তিনি রমজান মাসে বিশেষ করে ইফতার, সেহরি ও তারাবির সময় লোডশেডিং না রেখে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, ভেজালসহ বাজারদর নিয়ন্ত্রণ, নাশকতার আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্কাবস্থায় থাকার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি জেলায় মাদকের ছড়াছড়ি, সীমান্তে চোরাচালান বৃদ্ধি ও শহরে অবিরাম যানজট সমস্যাসহ কিছু নীরব চাঁদাবাজীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক ড, মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা এনএসআই এর উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, শহর কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভায় অন্যান্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
























