ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ দীর্ঘ ৪৫ বছরেও পাকা হয়নি শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা-বাইগড়পাড়া রাস্তা। ফলে ওই পথে যাতায়াতকারী মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ঝিনাইগাতী সদর থেকে হলদিবাটা চৌরাস্তা পর্যন্ত এলজিইডি’র ৪কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর বিভিন্ন সময়ে পাকা করণ করা হয়। অপরদিকে, ওই রাস্তার নালিতাবাড়ী উপজেলার অংশ বাইগড়পাড়া পর্যন্ত পাকা করা হয়। দু’উপজেলার মাঝে ৩ কিলোমিটার রাস্তা স্বাধীনতার ৪৫ বছরেও পাকা করণ হয়নি। স্থানীয় ইউপি সদস্য আজগর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুছ সালাম ও সাইদুল ইসলামসহ গ্রামবাসীরা জানান, এ রাস্তাটি পাকা করণের দাবি দীর্ঘদিনের। এ পথে বাইগড়পাড়া, গিলাগাছা, ধারাপানি, হলদিবাটা, ভারুয়া, গজারীকুড়া, কালাকুড়া, বনগাঁও, জিগাতলা, নন্নী, বনকালি, তালতলা, মরিয়ম নগর, ফাকরাবাদ, জারুলতলা, বাঐবাধা, খাঁপাড়া, মেইলগেটসহ প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করে থাকে। বর্ষাকালে কাদাপানিতে ও শুষ্ক মৌসুমে ধূলোবালিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ওই সময় যানবাহনতো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে পথচারীদের দূর্ভোগের সীমা থাকে না। চারপাশে উৎপাদিত কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করতে কঠিন হয়ে পড়ে। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষকরা।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, এ রাস্তাটি পাকাকরণের জন্যে বহুবার উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।









