স্টাফ রিপোর্টার ॥ সরকারি-বেসরকারি কোন প্রকার সহযোগিতা ছাড়া একা একাই চলছেন শেরপুরে ক্ষুদ্র কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে জড়িত অংশীজনরা। এতে ওই অংশীজনরা একদিকে যেমন তাদের ক্ষুদ্র প্রকল্প ধরে রাখতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে তেমনি ওইসব ক্ষুদ্র প্রকল্পের আওতায় স্বাস্থ্য-মানসম্মত খাদ্য উৎপাদন নিয়েও উঠে আসছে নানা প্রশ্ন।
কৃষি ও খাদ্যসমৃদ্ধ অঞ্চল শেরপুরে জীবন-জীবিকার তাগিদে মধ্যবয়সী পুরুষ, মহিলা কিংবা দম্পতিদের অনেকেই ক্ষুদ্র খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে জড়িত। হালে বেকারত্বের বোঝা কমাতে যুবক-যুবতীদের একটি অংশও ওই কার্যক্রমে জড়িত হচ্ছে। তারা নিজেদের উদ্যোগে স্বল্প পুঁজি খাটিয়ে স্ব-স্ব এলাকায় গড়ে তুলেছেন ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান। এক তথ্যানুসন্ধানে জানা যায়, বিসিক শিল্পনগরীতে নানা সহায়তায় গড়ে উঠা একটি চিড়ার মিল, ২টি মুড়ির মিল, একটি আটার মিল ও ৪টি বেকারি প্রতিষ্ঠানসহ জেলায় মাঝারি পর্যায়ের প্রায় ১শ বেকারি প্রতিষ্ঠান রয়েছে। এরপরও শহরের অলিগলি পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে নিজেদের উদ্যোগে গড়ে উঠেছে মুড়ি তৈরির প্রায় ১ হাজার এবং খোরমা, নিমকি, চানাচুর ও সেমাইসহ আরও কিছু খাদ্য উৎপাদনে প্রায় ২শ ক্ষুদ্র প্রতিষ্ঠান। ওইসব ক্ষুদ্র প্রতিষ্ঠানে কাজ করছেন মালিকসহ কারিগর ও শ্রমিকরা। তবে অধিকাংশ ক্ষুদ্র প্রতিষ্ঠানের কারিগর ও শ্রমিক হিসেবে খাটছেন মালিক দম্পতিই। আর ওইসব ক্ষুদ্র প্রকল্পে চাল, গমের আটা বা ময়দা, মুগ ডাল, মশুর ডাল, চিনা বাদাম, বিভিন্ন মসলা প্রভৃতির মাধ্যমে তৈরি হচ্ছে মুড়ি, চিড়া, মোয়া, ভ্যাশন, খোরমা, নিমকি, চানাচুর, সেমাইসহ অন্যান্য খাদ্য।
এদিকে ওইসব ক্ষুদ্র প্রতিষ্ঠানের তৈরি খাদ্য প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাট-বাজারে, দোকানে দেদারসে চললেও তা স্বাস্থ্যসম্মত ও মানসম্মত কি-না তার পরীক্ষাসহ প্রতিষ্ঠানগুলোর খোজ-খবর নেওয়ার যেন কেউ নেই। ফলে ওইসব খাদ্যপণ্যের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন রয়ে যাচ্ছে। একই অবস্থা বিরাজ করছে মাঝারি প্রতিষ্ঠানগুলোতেও।
সরেজমিনে গেলে কথা হয় শ্রীবরদীর তাতিহাটী নয়াপাড়া গ্রামের লাচ্ছা সেমাই ও মুড়ি উৎপাদনকারী শিরিনা বেগমের সাথে। তিনি জানান, কারও কোন সাহায্য-সহায়তা ছাড়াই গড়ে তোলা হয়েছে তাদের ক্ষুদ্র প্রতিষ্ঠানটি। স্বামী-স্ত্রী ছাড়াও ৮জন মহিলা ওই প্রতিষ্ঠানে কাজ করে। উৎপাদিত পণ্য দোকানে দোকানে পৌছে দিতে একটি ভ্যানও রয়েছে। বিক্রি শেষে খরচ বাদে তাদের দৈনিক ৭/৮শ টাকা লাভ হয়। তার মতে, ঋণসহ সরকারি সাহায্য-সহায়তা পেলে প্রতিষ্ঠানটিকে তিনি বড় করতে পারতেন। নকলার জালালপুর গ্রামের নিমকি ও খোরমা উৎপাদনকারী যুবতী জামিলা খাতুন জানান, বাবা-মাসহ ৩ বোন মিলে নিজেদের প্রতিষ্ঠানে কাজ করেন। মেশিন না থাকায় ময়দা দ্বারা হাতেই ওই পণ্য তৈরি করতে হয়। এতেও কারও সহায়তা নেই। তবে সে ধরনের কোন সহায়তা না পেলে আস্তে আস্তে তাদের হাত থেকে জীবন-জীবিকার তাগিদে গড়ে তোলা সেই ব্যবসা সরে যাবে। একই কথা জানান শেরপুর শহরের পশ্চিম শেরীপাড়ার মুড়ি উৎপাদনকারী চানুবালা, মধ্যশেরীর চানাচুর উৎপাদনকারী ধীরেন্দ্র চন্দ্র মোদক ও বারইপাড়ার নিমকি ও খোরমা উৎপাদনকারী বাদল মোদক। আর মাঝারি প্রতিষ্ঠান শহরের নতুন বাস টার্মিনালের মদিনা বেকারির মালিক সাইফুল ইসলাম ও শ্রীবরদী শহরের বেকারি প্রতিষ্ঠান মালিক আবু জাফর জানান, তারা বিএসটিআইয়ের অনুমোদনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফলে মানসম্মত খাদ্য উৎপাদন করেও কেবল বিএসটিআইয়ের অনুমোদন না থাকার কারণে তারা উপযুক্ত মূল্যে খাদ্য পণ্য বিক্রয় করতে পারছেন না। এছাড়াও তাদের ওই কাজে নেই কোন সহায়তা। তবে মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা গুণতে হয় তাদের।
এ ব্যাপারে শেরপুর বিসিকের ব্যবস্থাপক আবুল কালাম মোঃ শামসুদ্দিন বলেন, বিসিকে গড়া প্রতিষ্ঠানের বাইরে কেবল প্রশিক্ষণ সহায়তা ছাড়া ক্ষুদ্র বা মাঝারি শিল্পের ক্ষেত্রে অন্য কোন সহযোগিতার খুব একটা সুযোগ নেই তাদের। তবে চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ জানান, আসলেই ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণে কারও সহযোগিতা নেই। এরপরও আশার কথা হচ্ছে অতি সম্প্রতি শেরপুরে ওইসব প্রতিষ্ঠানে জড়িত কারিগর-শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার মধ্য দিয়ে জীবন মানের উন্নয়ন ঘটাতে এগিয়ে এসেছে সুইস দাতা সংস্থা হেলভেটাস ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় গড়া ‘সামর্থ্য প্রজেক্ট’। এর মধ্য দিয়ে ক্ষুদ্র প্রতিষ্ঠানে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।









