বিশেষ প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী শিশুকে ধর্ষণের ঘটনায় সুজন মারাক (২০) নামে এক আদিবাসীকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সুজন মারাক স্থানীয় বাকাকুড়া গ্রামের সিধল সাংমার ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। একই দিন জেলা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
জানা যায়, গত ২ মে রাতে সুজন মারাক তার প্রতিবেশি আদিবাসী পরিবারের কন্যা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী (১১) কে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিয়ে মাধ্যমে আপোস-রফার চেষ্টা চালান ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকশিসহ স্থানীয় আদিবাসী নেতারা। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও তারা আপোস-রফায় ব্যর্থ হলে শুক্রবার রাতে ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়। একই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সুজন মারাককে গ্রেফতার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একমাত্র আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।









