শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে গাড়ীতে লাগানো ক্ষতিকর চায়না লাইট ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সেসব ক্ষতিকর লাইট ধ্বংস করা হয়েছে। ৯ মে মঙ্গলবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে শ্রীবরদীতে সিএনজি, অটোরিক্সা, ট্রলি ও মোটরসাইকেলে কয়োটো লাইট ব্যবহার না করে ক্ষতিকর চায়না লাইট ব্যবহার করে আসছে। আর রাতের বেলায় গাড়ী চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ কারণে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাড়ীতে লাগানো সেসব ক্ষতিকর চায়না লাইট ধ্বংস এবং কয়োটো লাইট লাগানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন জানান, ক্ষতিকর চায়না লাইট রাতের বেলায় গাড়ীতে ব্যবহারের ফলে দুর্ঘটনার আশংকা থাকে বেশী। জনগণের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।









