ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন পাহাড়ি ঢলে পানিবন্দী ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ২৬ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসক নৌকাযোগে কান্দুলী, কুচনিপাড়া, মাঝাপাড়া, বাগেরভিটা, দাঁড়িয়ারপাড় এলাকা পরিদর্শন করেন। ওইসময় তিনি পানিবন্দী এলাকার লোকজনের হাতে ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারের মাঝে ৫শ’ করে টাকা তুলে দেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলায় ৫ হাজার হেক্টর জমির বোরো আবাদ পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবার।



















