মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ মার্চ সোমবার দুপুরে উপজেলার মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) এলাকার নিজের বসতঘরের ধরনায় রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় রফিকুল ইসলামের লাশ। একই দিন বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
জানা যায়, ৩ বছর আগে পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননী স্ত্রীকে তালাক দেয় মৃত নায়েব আলীর ছেলে রফিকুল। ২৫ মার্চ শনিবার রফিকুল তার ২ সন্তানকে তাদের নানার বাড়িতে মায়ের কাছে পাঠানোর পর থেকে আর কেউ রফিকুলকে বাইরে দেখেনি। সবাই ভেবেছিলো সে হয়তো কোথাও গেছে। কিন্তু সোমবার সকাল হতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন রফিকুলের ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে নিশ্চিত হয়ে তার ঘরের দরজার ফাঁক দিয়ে রফিকুলের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রফিকুল মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বিষয়টি পরিস্কার হবে।









