জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে দশম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে লিটন মিয়া (২১) নামে এক যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন ২৭ মার্চ সোমবার রাতে ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লিটন উপজেলার গান্ধিগাও গ্রামের মৃত মুন্নাছ আলীর ছেলে। মঙ্গলবার সকালে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত লিটন ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয় ও কোচিংয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের এক কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে লিটন ওই ছাত্রীটিকে পুনরায় উত্ত্যক্ত করে। এ বিষয়ে ছাত্রীটির বাবা ইউএনওকে লিখিতভাবে অভিযোগ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেনের নির্দেশে ঝিনাইগাতী থানা পুলিশ লিটনকে গ্রেফতার করে। পরে সোমবার রাত সাড়ে ১১টায় নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্ত করে লিটনকে ২০ দিনের কারাদ- প্রদান করেন।
আদালতের নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।









