নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল একাউন্টে মেসেজের মাধ্যমে আসার কথা থাকলেও শত শত শিক্ষার্থীর মোবাইলে উপবৃত্তি সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোন মেসেজ আসেনি, আসেনি কোন টাকাও। নিজ শিক্ষা প্রতিষ্ঠানসহ ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের শাখায় যোগাযোগ করেও এখন পর্যন্ত টাকা আসার মেসেজ না পেয়ে হতাশ হয়ে পড়ছে শিক্ষার্থীসহ অভিভাবকগণ।
জানা যায়, উপবৃত্তির টাকা বিতরণে শতভাগ স্বচ্ছতার জন্য গত বছরের শেষ ভাগে সকল উপবৃত্তিধারী শিক্ষার্থীদের মোবাইলের মাধ্যমে ডাচ্ বাংলা ব্যাংকের একাউন্ট খোলা হয়। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের উপবৃত্তির টাকা প্রাপ্তির বিষয়টি ১৬ তারিখ থেকে মেসেজের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থী মেসেজ না পেয়ে হতাশ হয়ে ভিড় করছে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকে।
এ বিষয়ে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ শহিদুল ইসলাম, বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, ভূরদী ছাল্লাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার লুৎফর রহমান, কলাপাড়া মিলিনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়াসহ অনেকেই এর সত্যতা স্বীকার করে জানান, তারা ডাচ্ বাংলা ব্যাকের মোবাইল ব্যাংকিং শাখায় যোগাযোগ করেছেন। চলতি মাসেই মেসেজ ও টাকা চলে আসবে।
ডাচ্ বাংলা ব্যাকের শেরপুর জেলার দায়িত্বে থাকা সিনিয়র সেলস্ ম্যানেজার মোঃ হাবিবুর রহমান জানান, সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস ও ব্যাংকের শাখায় একটি সংশোধনী নামের তালিকা প্রেরণ করা হয়েছে। ওই তালিকায় যাদের নাম আছে তাদের পুণরায় ফরম পূরণ করে পাঠাতে হবে। তাছাড়া বাকি সবার টাকা ৩০ মার্চের মধ্যে নিজ নিজ একাউন্টে চলে যাবে। এতে হতাশ হওয়ার বা হয়রানির কিছু নেই।









