শ্যামলবাংলা ডেস্ক : দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হবে। আমরা মনে করছি দাম একটু কমালে অর্থনীতি আরেকটু শক্তিশালী হবে। তবে এ ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনা করব। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব। কাগজপত্র প্রস্তুত করছি।’ তিনি ১৭ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ওই কথা জানান অর্থমন্ত্রী।
বৈঠকে আইএমএফ মিশনের নতুন প্রধান ব্রায়ান এইটকেনসহ আট সদস্যের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘আইএমএফ মিশনের নতুন প্রধানের সঙ্গে একটি পরিচয় পর্ব হলো। আইএমএফের সঙ্গে মূলত আলোচনা হবে আগামী ফেব্রুয়ারিতে’।
আইএমএফের নতুন কোনো কর্মসূচিতে বাংলাদেশ যোগ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, তার কোনো সুযোগ নেই, কারণ আমাদের ব্যালান্স অব পেমেন্ট এখন অনেক বেশি।’



















