স্টাফ রিপোর্টার॥ শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুতের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জুয়েল মিয়া (৩০) নামে এক কর্মচারী। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌরসভা ভবনে ওই ঘটনা ঘটে। অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে পৌর অফিসে তালা ঝুলিয়ে দেয়। এতে সকল শাখায় নাগরিক সেবা বন্ধ হয়ে পড়ে।
জানা যায়, কাউন্সিলর তৌহিদুর রহমান বিদ্যুৎ বেলা সাড়ে ১১টার দিকে তার এক ঘনিষ্ঠ জনকে জন্মনিবন্ধনের জন্য পৌরসভায় পাঠান। পৌরসভার জন্ম নিবন্ধক আসাদুজ্জামান আসাদের ছুটিতে ওই দায়িত্বে থাকা টিকাদানকারী জুয়েল মিয়া বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জন্মনিবন্ধন দিতে অপারগতা প্রকাশ করলে খবর পেয়ে পৌরসভায় ছুটে যান কাউন্সিলর বিদ্যুৎ। তিনি কাগজ-পত্র ছাড়াই ফের জুয়েল মিয়াকে জন্মনিবন্ধন দিতে চাপ দিলে তিনি অস্বীকার করামাত্রই তার উপর শারীরিক নির্যাতন শুরু করেন। ওই অবস্থায় বিদ্যুতের সাথে থাকা সাজু মিয়া নামে এক যুবকও তার উপর হামলা চালায়। পরে অফিস কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে গেলে কাউন্সিলর বিদ্যুৎ সঙ্গে থাকা যুবককে নিয়ে দ্রুত সটকে পড়ে।
ঘটনার বিষয়ে বেলা আড়াইটার দিকে পৌর কর্মচারী সংসদের সভাপতি মুসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান ঝন্টু জানান, ওই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালনসহ সকল শাখার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ওই কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মচারী সংসদের সাথে একাত্মতা পোষণ করে একই কথা জানান সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম।
এ ব্যাপারে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, কাগজপত্র ছাড়া জন্মনিবন্ধন দেওয়া সম্পূর্ণ বিধিবহির্ভূত। আর ওই বিষয় নিয়ে একজন দায়িত্বশীল প্যানেল মেয়রের হাতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী লাঞ্ছিত হওয়ার ঘটনা নিন্দনীয়। তবে পৌর পরিষদের জরুরি সভা আহবানের মাধ্যমে উদ্ভুত অবস্থার নিরসনের চেষ্টা চলছে।
























