শ্যামলবাংলা ডেস্ক : অনস্ক্রিনে বহু ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে এর আগেও যুদ্ধের দৃশ্য শ্যুট করা হয়েছে। সূত্রের খবর, সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির যুদ্ধের দৃশ্যই হতে চলেছে হালের অনস্ক্রিনে শ্যুট করা সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য! আর ছবিটিতে একটি মাত্র যুদ্ধের দৃশ্য শ্যুট করতেই নাকি খরচ হবে ১২ কোটি রুপি!
পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘বাহুবলী’তে যুদ্ধের দৃশ্য শ্যুট করতে যে ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল সেরকম সিজিআই থাকছে না বানসালির এই ছবিতে। কাটা অঙ্গ-প্রত্যঙ্গ ও রক্তের দাগ দেখানো হবে না ‘পদ্মাবতীর’ যুদ্ধের দৃশ্যে।
এমনকি শোনা যাচ্ছে, বানসালির ছবির এই দৃশ্য শ্যুট করার আগে প্রতিটি সিকুয়েন্স পাতায় এঁকে নেওয়া হয়েছে। যাতে দৃশ্যগুলো অনস্ক্রিনে দেখলে একেবারে অবিকল মনে হয়। দৃশ্যটি শ্যুটের জন্য ১৫ জন অভিনেতা লাগবে।
সূত্রের খবর, ‘পদ্মাবতীর’ প্রযোজনা সংস্থা ভায়াকম-১৮ ছবিটিকে নির্ভুল ও নিখুঁত করতে সব ধরনের চেষ্টা করছে এবং এজন্য যত অর্থের প্রয়োজন তা খরচ করতেও রাজি তারা। একে এখনও পর্যন্ত ভারতে শ্যুট হওয়া সবচেয়ে জাঁকজমকপূর্ণ ছবি বানানোই ভায়াকমের লক্ষ্য।
‘পদ্মাবতী’ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং। সূত্র: ডেকান ক্রনিকল ও এবিপি আনন্দ
























