শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সজীব ওয়াজেদ জয় ভবিষ্যৎ নেতা, তাকে নিয়ে দলের পরিকল্পনা রয়েছে। তবে এখনই তার ইচ্ছার বিরুদ্ধে কোনো পদ দেয়া ঠিক হবে না। ২৬ অক্টোবর বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন তিনি। এর আগে দলের নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দলের সদ্য সমাপ্ত জাতীয় সম্মেলনে তাকে দলের নেতৃত্বে আনার দাবি জানিয়েছিলেন তৃণমূল নেতারা।
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, তারা জয়কে দলীয় পদে থাকার বিষয়ে বলেছিলেন। কিন্তু তার কথা, তিনি দেশের বাইরে থাকেন। দেশে থাকলে হয়তো পদে থাকতে পারতেন। সজীব ওয়াজেদ জয় ভবিষ্যতে রাজি হলে তাকে পদ দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।
সম্পাদকমণ্ডলীর সঙ্গে বৈঠক শেষে আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।




















