স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা চলছে। বসে নেই সম্ভাব্য সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরাও। ইতোমধ্যে (২৪ অক্টোবর) ২৮ ডিসেম্বর ওই নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় যোগ হয়েছে নতুন মাত্রা। অবশ্য এর আগেই আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির সমর্থনে তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে শহর।
জানা যায়, স্থানীয় সরকারের অন্যতম প্রধান স্তর জেলা পরিষদকে গতিশীল করতে ২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। কিন্তু অনির্বাচিত প্রশাসক দিয়ে কোনভাবেই গতিশীল হচ্ছিল না সেই জেলা পরিষদগুলো। তাই জেলা পরিষদ আইন সংশোধনক্রমে নির্বাচিত প্রতিনিধি বসানোর পদক্ষেপ নেয় সরকার। সংশোধিত বিধি অনুযায়ী প্রতিটি জেলাকে ১৫টি ওয়ার্ডে বিভক্ত করে প্রতি ওয়ার্ডে একজন করে ১৫ জন সাধারণ সদস্য ও প্রতি ৩ ওয়ার্ডে একজন করে ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য আর চেয়ারম্যান মিলে ২১ সদস্যের পরিষদ থাকবে। সেই সাথে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করার জন্য স্ব-স্ব জেলার সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ দ্বারা নির্বাচকমন্ডলী গঠনের বিধান রাখা হয়। সে অনুযায়ী শেরপুরের ৫টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে ভোটারসংখ্যা দাঁড়ায় ৭৪৩।
এদিকে জেলা পরিষদ আইন সংশোধনের পরপরই জেলা আওয়ামী লীগের এক সভায় সংগঠনের দু’দফায় নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের দু’দফায় থাকা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট চন্দন কুমার পাল চেয়ারম্যান পদে নির্বাচন করতে সকলের অনুমতি চাইলে উপস্থিত সভায় তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। আর এরপর থেকেই দলীয় নেতা-কর্মী ও ব্যবসায়ী-শুভানুধ্যায়ীসহ এডভোকেট চন্দন কুমার পালের পক্ষে ও সমর্থনে ‘জেলা পরিষদে চেয়ারম্যান দেখতে চাই’ দাবি সম্বলিত শহরে সাঁটা হতে থাকে ব্যানার-ফেস্টুন। এক পর্যায়ের শহরের প্রধান প্রধান সড়কে শোভা পায় বিশাল তোরণ। সরব প্রচারণায় ব্যবহার হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাড়তে থাকে তার প্রতি দলের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের সমর্থন। ওই অবস্থায় দলে তিনি অনেকটা একক ও গ্রহণযোগ্য প্রার্থী বলেই আলোচিত হচ্ছেন। কারণ ৭৫ পরবর্তী আন্দোলনে তৎকালীন সফল ছাত্রনেতা হিসেবে কারাবরণ, জেলা আওয়ামী লীগের দু’দফায় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো পালন করছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। একজন সুবক্তা হিসেবে যেমন রয়েছে তার খ্যাতি, তেমনি পেশাগত জীবনে আইনজীবী হিসেবেও তিনি সফল। তিনি সুপ্রীম কোর্টেরও একজন তালিকাভূক্ত আইনজীবী এবং শেরপুর জেলা আইনজীবী সমিতির দু’দফায় নির্বাচিত সাবেক সভাপতি। দীর্ঘ প্রায় ৪ যুগের রাজনৈতিক প্রাজ্ঞতা ও সাহসিকতার কারণে নিজের রাজনৈতিক অধিক্ষেত্র শেরপুর অঞ্চলের গন্ডি ছাপিয়ে কেন্দ্রীয়ভাবেই রয়েছে তার পরিচিতি। যে কারণে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বিদেশ সফরকারি দলেও যুক্ত ছিলেন তিনি।
সব মিলিয়ে সিনিয়র ও যোগ্যতার প্রশ্নে এডভোকেট চন্দন কুমার পালই দলের মনোনয়ন পাবেনÑ এমনটাই ভাবছেন অনেকেই। কিন্তু এরপরও হালকা তৎপরতা থেমে নেই দলের ও সমমনা কারও কারও। তাদের মধ্যে রয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুন্নাহার কামাল এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গর্ভনর প্রয়াত এডভোকেট আনিসুর রহমানের ভাতিজা জনস্বাস্থ্য বিভাগের সাবেক পিডি প্রকৌশলী মুক্তিযোদ্ধা মাহবুব আলম মঞ্জু। তাদের দু’জনের পক্ষেও শহরে ব্যানার-ফেস্টুন শোভা পেয়েছে। ব্যানার-ফেস্টুনে না ছড়লেও মৃদু গুঞ্জন রয়েছে শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানকে নিয়েও। এছাড়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আক্তারুজ্জামান, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র আব্দুল হালিম উকিলের নামও শোনা যায় কিছুটা।
অন্যদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির কারও নাম এখনও শোনা না গেলেও আলোচনায় রয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াছ উদ্দিন। অনেকের মতে পরিচিতি ও মাঠ পর্যায়ের অবস্থানের দিক দিয়ে তাকে নেহায়েত খাটো করে দেখার সুযোগ নেই। কেন্দ্রীয় সদস্য ও নালিতাবাড়ীর সন্তান রোজী সিদ্দিকীও জাপা থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হয়ে জামানত হারানো জেলা জাসদের একাংশের সভাপতি মনিরুল ইসলাম লিটনের নামও শোনা যায় মুখরোচক আড্ডায়।
প্রার্থিতা সম্পর্কে নিজের সদিচ্ছা ও তৎপরতা স্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে একজন প্রার্থী। ইতোমধ্যে দলীয় নেতা-কর্মীরা আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এখন প্রয়োজন দলের মনোনয়ন। এক্ষেত্রে সিনিয়র ও যোগ্যতার প্রশ্নে তিনিই ওই মনোনয়নের দাবিদার বলে আশা প্রকাশ করেন।
আর জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইলিয়াছ উদ্দিন জানান, আমি নির্বাচনে জোরালো প্রার্থী এবং ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে দোয়া নিয়ে এসেছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, আমরা এখন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি। তকে শুনেছি ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ওই নির্বাচন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তফসিল ঘোষণা হলেই নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
























